
পুর্ব্ববঙ্গ গীতিকা
দীনেশচন্দ্র সেন
নসর মালুম
নসর মালুমের পালাটি শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী মহাশয় প্রধানতঃ কাঁঠালভাঙ্গার নূরহোসেন ভাহৈয়ার নিকট হইতে সংগ্রহ করেন। এই নূরহোসেন ও তাহার জ্ঞাতিরা বংশানুক্রমে পালাগান গাহিয়া আসিতেছে। নূরহোসেনের পিতার নাম কোর্ব্বান আলী। ইনিও নসর মালুমের পালা গাহিতেন। কোর্ব্বান আলীর পিতা হায়দর আলীই এই পালা-গায়কদের মধ্যে সর্ব্বাপেক্ষা অধিকতর প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন। এখনও এই অঞ্চলে পরিণত বয়স্ক অল্পসংখ্যক শ্রোতারা আছেন যাঁহারা হায়দরের করুণরসউদ্দীপনার প্রশংসা করিয়া থাকেন। এই পালা-গানের সময়ে হায়দর সমুদ্রে বাণিজ্য-দস্যুদের আক্রমণ এবং নায়কনায়িকার প্রেমের যেন জীবন্ত ছবি আঁকিয়া যাইত। চাটগাঁয়ের লোকেরা এখনও তাহার গানের কথা ভুলিতে পারে নাই। ইহাদের কৌলিক উপাধি ভাহৈয়া। এই শব্দটা ভাবুক শব্দের অপভ্রংশ বলিয়া মনে হয়। ভাবুক শব্দের লৌকিক অর্থ চিন্তাশীল নয়, যাহারা ভাব (feeling) উদ্রেক করিতে পারে তাহাদেরই লৌকিক কথায় ভাবুক বলে; কিন্তু ভাহৈয়া শব্দ ভ্রাতৃ শব্দেরও অপভ্রংশ হইতে পারে। যে নূরহোসেন গায়েনের নিকট হইতে আশুবাবু পালাটি সংগ্রহ করিয়াছেন সে এই গান গাহিয়া উপজীবিকা অর্জ্জন করে বটে, কিন্তু সমস্ত পালাটি তাহার মুখস্থ নাই। এখন পালা-গানের দিকে লোকের সেরূপ উৎসাহ নাই এবং পালা-গায়কেরাও আর তাদৃশ মনোযোগের সহিত গানগুলি শেখে না। নূরহোসেন ভাহৈয়া যে সকল অংশ ভুলিয়া গিয়াছে তাহা সে নিজে গদ্যভাষায় জোড়াতালি দিয়া বর্ণনা করে। সুতরাং ইহার প্রদত্ত সংগ্রহের উপর আশুবাবু ততটা নির্ভর করিতে পারেন নাই। কাঁঠালভাঙ্গার নিকটবর্ত্তী মহিষমারা গ্রামে গুরুমিঞা নামক জনৈক “হারিগায়েন”এর (সারিগান-গায়ক) নিকট হইতে আশুবাবু আরও কয়েকটি পদ সংগ্রহ করিতে পারিয়াছেন। কিন্তু তখনও পালাটি পূর্ণতা লাভ করে নাই। চট্টগ্রামের সমুদ্রকূলে মাতৃভাষার এই অক্লান্ত সেবক ও পালাগানভক্ত যুবক বহু পর্য্যটন করিয়া কর্ণফুলির মোহানার নিকট রহমন নামক সাম্পানের একজন মাঝির নিকট সম্পূর্ণ পালাটি প্রাপ্ত হন।
পালা-গানটি নানাদিক দিয়াই কৌতুকাবহ এবং চিত্তগ্রাহী। ইহার নায়িকা আমিনা খাতুন পাতিব্রত্যে সীতা-সাবিত্রীর পাশে দাঁড়াইতে পারেন; সীতা অশোক বনে রাবণ কর্ত্তৃক যে ভাবে প্রলুব্ধ হইয়াছিলেন, আমিনা খাতুন এসাকের হস্তে তাহা হইতে কম লাঞ্ছিত হন নাই। তাঁহার পিতামাতা তাঁহার বৈরী হইয়াছিলেন। স্বামী তাঁহাকে পরিত্যাগ করিয়াছিলেন। সীতা জানিতেন, রাম তাঁহাকে ভিন্ন কাহাকেও জানেন না, সুতরাং তাঁহার নির্ভর এবং একনিষ্ঠ প্রেম গৌরবান্বিত। কিন্তু বিনা দোষে স্বামি-পরিত্যক্তা আমিনা যে ভাবে একনিষ্ঠ প্রেমের মাহাত্ম্য রক্ষা করিয়াছিলেন, তাহা পাঠক সাশ্রুনেত্রে পড়িবেন। এই নিষ্ঠা, এই চরিত্রগৌরব―এই একব্রত সঙ্কল্প বাঙ্গালী রমণীর। তিনি মুসলমানই হউন, কি হিন্দুই হউন, তাহাতে কিছু আসে যায় না। ইঁহারা সকলেই বঙ্গজননীর স্তন্যপালিতা। নসর মালুম বহুগুণশালী হইয়াও ঈদৃশ রমণীরত্ন লাভের প্রকৃত যোগ্য নহেন। পালা-গানের অধিকাংশ নায়কের মতই এই নায়কটিও মেরুদণ্ডহীন। কিন্তু একদিকে কতকটা ছায়া ঘনীভূত না করিলে নায়িকার চরিত্র হয়ত তাদৃশ গৌরবে উজ্জ্বল হইয়া উঠিত না। আমিনা খাতুন রৌদ্র ও ছায়ার অন্তরালে বিচিত্র চালচিত্রের মধ্যে যেন ভগবতী-প্রতিমার ন্যায় ঝলমল করিতেছেন।
কিন্তু নায়কনায়িকার কথাতো আমরা অনেক পালাগানেই পাইতেছি। আমিনা খাতুন উৎকৃষ্ট আট দশটি নায়িকার মধ্যে না হয় আর একটি হইলেন। এই পালা-গানটির বিশেষ প্রণিধানযোগ্য বিষয় বাঙ্গালার প্রাচীন ঐতিহাসিক কথা। ঘন উত্তাল তরঙ্গসঙ্কুল সমুদ্রের রূপ কবি যেন চক্ষের সম্মুখে আঁকিয়া দেখাইয়াছেন। বাণিজ্য-যাত্রীর নানা বিপদের কথা ইনি বিচিত্র রং ফলাইয়া চিত্রকরের তুলিতে আঁকিয়াছেন। পর্ত্তুগীজ দস্যু হার্ম্মাদের অবিকল প্রতিমূর্ত্তি আমরা এই পালাটিতে পাইতেছি। ইহার কালো পাগড়ী ও রাঙ্গা কোর্ত্তাপরা দুর্ব্বিনহস্তে শ্যেন পক্ষীর ন্যায় বাণিজ্যযাত্রীদের উপর আসিয়া পড়িত। তাহাদের হস্তে বন্দুক ও কোমরে শাণিত ছোরা। যেরূপ নির্দ্দয় ভাবে ইহারা বন্দীদিগের প্রতি ব্যবহার করিত তাহা রোমাঞ্চকর। ১৬৬৬ খৃষ্টাব্দে নূরজাহানের নিকট আত্মীয় সায়েস্তা খাঁ চট্টগ্রাম অধিকার করেন। আরাকানের অধিপতি পর্ত্তুগীজদের সহযোগে সায়েস্তা খাঁর গতি প্রতিরোধ করিতে চেষ্টা করেন। আরাকানাধীপের দুই শত বড় ডিঙা এবং অসংখ্য ক্ষুদ্র নৌকা ছিল। সুপ্রসিদ্ধ পর্য্যটক ট্যাভার্নিয়ার এই ডিঙাগুলির একটি কৌতুকাবহ বর্ণনা দিয়াছেন। “এই ডিঙাগুলি যেরূপ দ্রুতগতিতে সমুদ্রে চলিয়া যায় তাহা অসামান্য। কোন কোন ডিঙা এত দীর্ঘ যে তাহাতে এক এক দিকে পঞ্চাশটি করিয়া দাঁড় থাকে, প্রত্যেকটি দাঁড় দুইটি করিয়া মাঝি টানে। এই ডিঙাগুলি স্বর্ণ, রৌপ্য এবং জহরেতে মণ্ডিত। ইহাদের সুদর্শন নীল ও পীত বর্ণের আকৃতি সমুদ্রের তরঙ্গকে ঝলসিত করিয়া চলিয়া যায়।” সায়েস্তা খাঁ একজন পাকা রাজনৈতিক ওস্তাদ ছিলেন। তিনি কলে-কৌশলে অনেক পর্ত্তুগীজকে হস্তগত করেন এবং মগদিগকে এরূপ সাঙ্ঘাতিক ভাবে পরাস্ত করেন যে তাহারা তীরবেগে চট্টগ্রামের পার্ব্বত্য প্রদেশে পলাইয়া যাইয়া প্রাণরক্ষা করে। তাহারা যে ভাবে ছুটিয়া পলাইয়াছিল তাহা প্রবাদ বাক্যে পরিণত হইয়াছে। ইতিহাসে তাহা Xerxesএর Retreat of the Ten Thousandএর সঙ্গে তুলনা করা যাইতে পারে। এই পলায়ন-বৃত্তান্তটিকে চট্টগ্রামবাসীরা ‘মগ-ধাওনি’ নামে অভিহিত করিয়াছে। মগেরা পলাইয়া যাইবার সময়ে তাহাদের ধনরত্ন এবং তদপেক্ষা মুল্যবান্ বুদ্ধ-বিগ্রহগুলি দেয়াঙ্গের পাহাড়ের নীচে পুতিয়া রাখিয়া চলিয়া গিয়াছিল। যখন দেশে শান্তি ফিরিয়া আসিল, তখন ইহারা দলে দলে আসিয়া সেই সব মূর্ত্তি ও ধনরত্ন উত্তোলন করিয়া লইয়া গিয়াছিল। যখন তাহারা পলাইয়া ব্রহ্মদেশে যায় তখন তাহারা ওইসব গচ্ছিত সামগ্রীর স্থান নির্দ্দেশ করিয়া মানচিত্র অঙ্কনপূর্ব্বক সঙ্গে লইয়া গিয়াছিল। এখন এই ঘটনার পরে প্রায় দুই শত বৎসর অতীত হইয়াছে। শুনিতে পাই এখনও মাঝে মাঝে মগ পুরোহিতেরা সেই চার্ট (মানচিত্র) সঙ্গে করিয়া লুক্কাইত ধনরত্ন খুঁজিতে আসে। অন্ততঃ সেগুলি যে তাহারা এখনও নিঃশেষ করিয়া লইয়া যাইতে পারে নাই, তাহার প্রমাণ এই যে দেয়াঙ্গের পাহাড়ের নিম্নে মাঝে মাঝে দেব-বিগ্রহ ও অর্থাদি এখনও পাওয়া যায়। এই সকল বিগ্রহের নাক-কাণ ভাঙ্গা নয়। তাহারা সম্পূর্ণ অক্ষত এবং এক স্থানে অনেকগুলি জড়ীভূত। সুতরাং ইহারা যে সে “মগধাওনি”র নিদর্শন তৎসম্বন্ধে সন্দেহ করিবার বিশেষ কারণ নাই। বিগ্রহগুলির মধ্যে অনেকগুলি নবম এবং দশম শতাব্দীর। এই পুস্তকে আমরা “মগ-ধাওনি”র নিদর্শন কতকগুলি বিগ্রহের ছবি দিলাম। বলা বাহুল্য এই পালাগানটিতে ‘মগ-ধাওনি’র উল্লেখ আছে এবং মগেরা শেষ কালে কি ভাবে ধনরত্ন উত্তোলন করিয়া লইয়া যাইত তাহার বর্ণনা আছে। ১৬৬৬ খৃষ্টাব্দে সায়েস্তা খাঁ চট্টগ্রাম অধিকার করিয়া ছিলেন। এই সময়ের কিছু পরে এই পালা-গানটি বিরচিত হইয়াছিল বলিয়া মনে হয়। সুতরাং সম্ভবতঃ ইহা সপ্তদশ শতাব্দীর শেষ ভাগের রচনা।
আরাকানের রাজারা পর্ত্তুগীজদের প্রতি অনুগ্রহশীল ছিলেন। তাঁহারা অনেক সময়ে খৃষ্টধর্ম্মের প্রতি অনুগ্রহ দেখাইয়া ভূমি দান করিতেন। চাটগাঁয়ের সেণ্ট